২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গ্যাসের চুলা থেকে আগুন ধরে শিশুসহ দগ্ধ ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাসের চুলা থেকে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 04:58 PM

Updated : 08 Apr 2022, 05:42 PM

সোমবার ভোরে উপজেলার পল্লীবিদ্যুত এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মুজিবুর রহমান জানান।

দগ্ধরা হলেন পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা নুরুন নাহার (৩৮), তার ছেলে মো. সাব্বির হোসেন (১২) ও বোন খাদিজা আক্তার (৩২)।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

নাহারের ভাগ্নি লাইলী আক্তার বলেন, নুরুন নাহার স্থানীয় আনসার একাডেমিতে পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার ভোরে পানি গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে ওই তিনজন কমবেশি দ্বগ্ধ হয়েছেন।

আগুনে ঘরের বিছানা-পত্র এবং বিদ্যুতের ওয়্যারিংসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

মেয়র মুজিবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যাস বের হয়ে আবদ্ধ ঘরে জমেছিল। চুলায় ধরাতে গিয়ে আগুন ধরে গেছে।