২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনকনে শীতে কুড়িগ্রামে বাড়ছে রোগীর সংখ্যা

কুড়িগ্রামে তীব্র শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে; তাদের মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 03:47 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আনোয়ারুল হক প্রামাণিক বলেন, গত এক সপ্তাহে তাদের হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়েছে।

“তাদের মধ্যে দুইজনের হার্টের অসুখ ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। অন্য নয়জন শিশু। তাদের লোবাকোয়েট, নিউমেনিয়া ও জন্মের সময় সমস্যা ছিল। এসব রোগে তারা মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই মৃত্যুর পেছনে শীতের প্রভাব রয়েছে এটা বলা যেতে পারে।”

নিহতরা হলেন - আমেনা (৬৫), জাহানারা (৩০), চার দিন বয়সী সাবিহা, দেড় বছরের মিম, এক দিনের নয়নমনি, দুই মাসের জিতিয়া, পাঁচ দিনের মিরাজ, খাদিজার মেয়ে (এক দিন), জাহানারার ছেলে (১৫ দিন), মাজেদার মেয়ে (এক দিন) ও শিউলির ছেলে (পাঁচ দিন)।

হাসপাতালের চিকিৎসক শাহিনুর রহমান সরদার শিপন বলেন, শীতজনিত কারণে এ হাসপাতালে এখনও ১৮০ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৯ জনই শিশু।

“শীতের কারণে শিশু, বৃদ্ধ ও নারী রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।”

সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, হিম ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বিশেষত নদীতীরবর্তী দরিদ্ররা কনকনে শীতে বেশি কাহিল হচ্ছে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে লোকজন ঘর থেকে বের হতে পারছে না।

জেলা আবহাওয়া সহকারী নজরুল ইসলাম জানান, সোমবার সকালে রাজারহাট আবহাওয়া অফিসে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে শীত মোকাবিলায় এ জেলায় ৫৭ হাজার কম্বল সরবরাহ করা হলেও তা এখনও বিতরণ করতে পারেনি কর্তৃপক্ষ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল বলেন, “সরকারের সরবরাহ করা ৫৭ হাজার কম্বল বিতরণের প্রক্রিয়ায় রয়েছে।”