হবিগঞ্জের কুশিয়ারা নদীতে মিলল নিখোঁজ যুবকের লাশ
হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার পাহারপুর এলাকা থেকে লাশটি তারা উদ্ধার করেন বলে আজমিরীগঞ্জ থানার এসআই দুর্গা দেব জানান।
মৃত মিনার উদ্দিন (৩০) সুনামগঞ্জ জেলার দিরাই শাল্লা থানার উত্তর সুদিয়াপাড় গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
এসআই দুর্গা দেব বলেন, কিছুদিন আগে মিনার গ্রাম থেকে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখঁজির পরও তার কোনো হদিস না পেয়ে মিনারের বড় ভাই সলিম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সকালে স্থানীয়রা মিনারের লাশ কুশিয়ার নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে বলে জানান তিনি।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
