২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গ্যাসের আগুনে পুড়ল ঘর, শিশু নিহত

গাজীপুরের টঙ্গীতে রান্নাঘরের গ্যাস থেকে ঘরে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে; অগ্নিদগ্ধ হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2017, 10:58 AM

Updated : 19 Aug 2022, 06:15 PM

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আতকিুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরে বাস্তুহারা-এরশাদনগর ২ নম্বর ব্লকে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাসায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে মারা গেছে মনিরের ছেলে রানা (১৩)। অগ্নিদগ্ধ হয়েছেন মনির হোসেন ও তার বড় ছেলে রাজীব (১৫)।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর বলেন, মনির সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে চুলার পাইপের ফুটো দিয়ে নির্গত গ্যাসে আগুন ধরে যায়।

“আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাশের জামাল উদ্দিনের বসতঘরে ও পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে রানা ঘটনাস্থলেই মারা যায়।”

ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় বলে জানান আতিকুর রহমান।

তিনি বলেন, অগ্নিদগ্ধ মনির ও রাজীবকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে দুটি বসতঘর, লেপ-তোশক ও মুদিসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।