সাতক্ষীরায় ইছামতি নদীতে কলেজ ছাত্রের লাশ
ছয় দিন আগে নিখোঁজ এক কলেজ ছাত্রের গলিত লাশ সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার হাড়দ্দহা এলাকায় ইছামতি নদীতে ভাসমান লাশটি পাওয়া যায় বলে বিজিবির কোমরপুর বিওপির হাবিলদার আসাদ জানান।
মৃত ওবায়দুল ইসলাম (১৮) সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং দেবহাটার উত্তর পারুলিয়া গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, লাশটি পচে গলে গেছে। তবে মৃতের ভাই ওলিউল ইসলাম লাশ শনাক্ত করেছেন।
পরিবারের বরাত দিয়ে মেরিনা আক্তার বলেন, ওবায়দুল ছয় দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তাকে কে বা কারা কীভাবে ‘হত্যা করেছে’ তা এখনও নিশ্চিত করা যায়নি।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
