২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় ৪ বাইক আরোহী নিহত

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে; আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2017, 04:58 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

শুক্রবার দুপুরে চারঘাট, পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোরের কানাইখালি এলাকার হারুন অর রশিদ (৩৫), নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্যামপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়েজ উদ্দিন (৩৩), রাজশাহীর মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭)।

চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী চারঘাট থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে চোঙ্গাতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রশিদ ও ময়েজ নিহত হন।

“দুজনের হেলমেট থাকলেও তা ভেঙে গিয়ে তারা মাথায় আঘাত পেয়েছিলেন।”

পরে তাদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

এদিকে বেলা দেড়টার দিকে পুঠিয়ার বানেশ্বর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নজরুল নিহত ও মিজানুর রহমান বাবু আহত হন বলে পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া জানান।

নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি ছিলেন।

তিনি বলেন, তারা মোটসাইকেলে করে পুঠিয়া থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলেন।পথে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় বাবুকে আবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জুয়েল।

“এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে রাস্তায় পাশে একটি খাদে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”

পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।