শাবির সপ্তম ব্যাচের পুনর্মিলনী ২২ ডিসেম্বর
আগামী ২২ ডিসেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের (১৯৯৬-৯৭ সেশন) শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
‘কুড়ি বছর পর নোঙর’ এই স্লোগান নিয়ে দুই দিনব্যাপী এ পুনর্মিলনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা।
পুনর্মিলনী উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজিজুল ইসলাম শামীমকে আহ্বায়ক এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে সদস্য সচিব করে ৭১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ উপস্থিত থাকবেন বলে কমিটির আহ্বায়ক আজিজুল ইসলাম শামীম জানান।
তিনি বলেন, ২২ ডিসেম্বর সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আয়োজনের উদ্বোধন হবে। পরে আলোচনা সভা, স্মৃতিচারণ, মেধাবী সম্মাননা, র্যাফেল ড্র এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আর ২৩ ডিসেম্বর (শনিবার) ‘গল্প, আড্ডা ও সামাজিক সময়’ নামে একটি ইভেন্ট থাকছে।”
সদস্য সচিব ওমর ফারুক জানান, “আমরা সাবেক শিক্ষার্থীরা সবাই একত্রিত হতে চাই। সে জন্যই আমাদের এ প্রয়াস।”
কমিটির কোষাধ্যক্ষ জ্যোতিলাল গোস্বামী জানান, সপ্তম ব্যাচে মোট ৭৭১ জন শিক্ষার্থীর মধ্যে ২৮০ জন ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন।
