রুয়েটে ২ দিনের চাকরি মেলা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনের চাকরি মেলা।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে ‘জব ফেয়ারের’ উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ে ‘ক্যারিয়ার ফোরামের’ উদ্যোগে এ চাকরি মেলায় মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
ফোরামের সভাপতি ফজলে হোসেন মোয়ানমেন জানান, বর্তমান চাকরির বাজার সম্পর্কে ধারণা পেতে এবং বিভিন্ন কোম্পানিতে সরাসরি ‘রিক্রুটমেন্টের’ জন্য এ মেলা। এতে সিভি অ্যাসেসমেন্ট, ক্যাম্পাস রিক্রুটমেন্ট, এইচআর সামিট, কর্পোরেট টক এবং আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, মেলায় প্রাণ আরএফএল, রানার গ্রুপ, কাজী আইটি, রাজ আইটি, লিরা গ্রুপ, আল-আসকা গ্রুপ ও রকমারি ডটকমসহ মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এ মেলায় সহযোগিতা করেছে বিজলি কেবলস ও গুডলাক স্টেশনারি।
উদ্বোধনী বক্তায় রুয়েটে অধ্যয়ন শেষ করা দক্ষ শিক্ষার্থীদের নিয়োগ দিতে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য রফিকুল।
