ক্ষতিপূরণের দাবি বড়পুকুরিয়া সংলগ্ন ১৩ গ্রামের বাসিন্দাদের
ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি সংলগ্ন ১৩ গ্রামের বাসিন্দারা।
বুধবার দুপুরে সমন্বয় কমিটির ব্যানারে বড়পুকুরিয়া কয়লা খনির সামনে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে এ মানববন্ধন করে তারা।
সড়কের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেয়।
কমিটির নেতা মশিউর রহমান বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন পার্বতীপুর উপজেলার ১৩টি গ্রামের বিভিন্ন ঘর-বাড়িতে ফাটল দেখা দিয়েছে। একইসঙ্গে ভূমি দেবে গিয়ে অনাবাদি হয়ে পড়েছে জমি।
মানববন্ধন থেকে কয়লা উত্তোলনের ক্ষতিগ্রস্ত ১৩টি গ্রামের বকেয়া টাকা পরিশোধ, বাড়িঘরের ফাটলের ক্ষতিপূরণ যথাসময়ে প্রদান, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার থেকে চাকরি দেওয়াসহ ছয় দফা দাবি জানায় এলাকাবাসী।
৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা না হলে খনির কার্যক্রম অচল করারর হুমকি দেওয়া হয় মানববন্ধন থেকে।
