পাবনার পথে ট্রেন চলাচল শুরু
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ভাঙ্গুড়া স্টেশনের সহকারী বুকিং ইনচার্জ মেহেদী আল-মাসুদ জানান, মেরামত শেষে মালবাহী ট্রেনটি সরিয়ে নেওয়ার পর শুক্রবার বেলা ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।
সিলেট থেকে বগুড়ার সান্তাহার স্টেশনগামী মালবাহী ট্রেনটির দুটি বগি ভোর ৬টার দিকে লাইনচ্যুত হয়। ফলে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া স্টেশনে আটক পড়ে।তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মেহেদী আল-মাসুদ বলেন, দুর্ঘটনার পর রেল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। বেলা ১১টার দিকে লাইনচ্যুত দুটি বগির চাকা মেরামত করলে পাঁচ ঘণ্টা পর মালবাহী ট্রেনটি গন্তব্যের দিকে ছেড়ে যায়।
লাইন বন্ধ থাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস চাঁটমোহরের কাছে গুয়াখড়া স্টেশনে আটকে থাকে দীর্ঘ সময়। পরে লাইন চালু হলে সিল্কসিটিও ঢাকার পথে রওনা হয়।
