২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ওষুধ ব্যবসায়ীকে জরিমানার প্রতিবাদে ধর্মঘট

ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে মাদারীপুরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ওষুধ ব্যবসায়ীরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 09:24 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বুধবার দুপুর থেকে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মাদারীপুর শাখার এ ধর্মঘট শুরু হওয়ার পর ভোগান্তিতে পড়েছেন ওষুধ ক্রেতারা।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক মোহম্মদ সাকিব হাসান বলেন, জেলায় তাদের সমিতিভুক্ত ১২শ ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে।

“এছাড়া আরও সাতশ’র মতো অবৈধ ফার্মেসী ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছে।

“কিন্তু প্রশাসন গ্রাম-গঞ্জের অবৈধ ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না নিয়ে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন ওষুধ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইন দেখিয়ে জরিমানা করছে।”

সম্প্রতি কয়েকদিন পরপর এই ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “ভোক্তা অধিকার আইন দেখিয়ে জরিমানা আদায় করা বন্ধ করা না হলে, আমরা অনির্দিষ্টকালের জন্য সকল ওষুধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট চালিয়ে যাব।”

এদিকে ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েছেন ওষুধ ক্রেতারা। জরুরি ওষুধ্র কেউ কিনতে পারছে না।

কালিকাপুর গ্রাম থেকে আসা আমজাদ বেপারী, মস্তফাপুর থেকে আসা লিমন হাওলাদার ওষুধ কিনতে না পেরে হতাশা প্রকাশ করে বলেন, “এতদূর থেকে ওষুধ কিনতে এসে না পেয়ে খুব অসুবিধায় পড়ে গেছি। কোনো দোকান খোলা নাই।”

একই ধরনের কথা বলেছেন আরও বেশ কয়েকজন রোগীর স্বজন।