১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমপি কেয়ার সভায় হট্টগোলকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবলে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভায় হট্টগোলকারীদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার অনুসারীরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 04:46 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

রোববার বেলা ১২টার দিকে বাহুবল উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার মানুষ।

এ সময় সময় সড়কের দুই পাশে কয়েকশ যান বাহন আটকা পড়ে।

খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ও বাহুবল থানার ওসি মাসুক আলীর ঘটনাস্থলে এসে এক সপ্তাহের মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে বেলা ১টার দিকে তারা অবরোধ স্থগিত করে।

ওসি বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।

উপজেলা সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন বলেন, “প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ স্থগিত করেছি। যদি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”

গত ১০ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুর একটি অনুষ্ঠানে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়ার লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছিল পুলিশ। ঘটনার পর সাংসদ কেয়া চৌধুরী সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এর এক সপ্তাহ পর স্থানীয় ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে তারা মিয়া শাহেদসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। তবে এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।