একই মাঠে দুপক্ষের ক্রিকেট আয়োজন, ১৪৪ ধারা জারি
রাজশাহীর গোদাগাড়ীতে একই মাঠে আওয়ামী লীগের দুই পক্ষ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মাদারপুর রেলবাজার পদ্মা পাড় মাঠ ও এর আশপাশ এলাকায় সকল ধরনের খেলা আয়োজন ও সমাবেশ নিষিদ্ধ থাকবে।
শনিবার রাতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ এ আদেশ জারি করেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, মাদারপুর রেলবাজার পদ্মা পাড়ে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। রোববার বিকাল ৩টায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
“এ নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ওই এলাকায় সকল খেলা ও সমাবেশ আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।”
সকাল থেকে মাদাপুর পদ্মা পাড় ও রেল বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ বলেন, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দেওয়ায় দুই পক্ষকে একই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন না করতে বলা হয়।
“কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত তারা অনুষ্ঠানসূচি বাতিল না করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
