নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নারীসহ নিহত ২
বাগেরহাটের কচুয়ায় বাস খালে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছে অন্তত ৪০ জন।
কচুয়া থানার ওসি রবিউল কবির জানান, উপজেলার বকুলতলার কাছে বাগেরহাট-পিরোজপুর সড়কে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মনিরা বেগমের (৩৫) বাড়ি পিরোজপুরের নাছিরাবাদের রাহুদকাঠি গ্রামে। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি রবিউল বলেন, বাসটি খুলনা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়।
“খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পানিতে থাকা বাস থেকে নারীসহ তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।”
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মনীষা মণ্ডল বলেন, “হাসপাতালে নিয়ে আসার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
এ দিকে দুর্ঘটনা কবলিত বাসটিতে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত করা যায়নি বলেওসি রবিউল জানান।বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বলেন, “বাসটি খালের যে অংশে পড়েছে, সেখানে পানির গভীরতা একটু বেশি।”
বাসটি উদ্ধারে তাদের একটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ডুবুরি দল আনতে খুলনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
