২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোরে দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে দাবি করে পুলিশ বলেছে, সেখান থেকে তারা এক অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 10:50 AM

Updated : 19 Aug 2022, 05:58 PM

যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, সোমবার রাত আড়াইটার দিকে নোঙ্গরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

ওসি আজমল বলেন, “রাতে পুলিশের কাছে খবর আসে দুই দল ডাকাত বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান পুলিশ সদস্যরা।”

তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি আজমল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, একটি চাইনিজ কুড়াল, ১০টি স্যান্ডেল ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।