২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে যুবকের কব্জি কর্তন

নড়াইলে হামলা চালিয়ে এক যুবকের হাতের কব্জি কেটে দিয়েছে ‘প্রতিপক্ষ’। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 09:00 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

রোববার দুপুরে নড়াইল পৌরসভার মাছিমদিয়ার এসএম সুলতান সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার এসআই মো. খায়রুল ইসলাম জানান।

আহতরা হলেন শহর সংলগ্ন আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের আবু জাফর সিকদারের ছেলে লিয়াকত সিকদার (৪০) ও পৌরসভার বরাশুলা গ্রামের সোহরাব শেখের ছেলে জিন্দার শেখ (৩৫)।

এদের মধ্যে জিন্দার শেখের ডান হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের বরাত দিয়ে এসআই খায়রুল জানান, দুপুরে এ দুজন মোটর সাইকেলে করে এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছলে পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে করে এসে তাদের ওপর হামলা চালায়।

“গত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আউড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পলাশ মোল্যার সঙ্গে লিয়াকত সিকদারের বিরোধ চলছিল। এ জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আহতরা ধারণা করছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে পলাশ মোল্যা বলেন, “হামলার ব্যাপারে কিছুই জানি না। ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে এক দম্পতির বিবাদ মীমাংসা করছিলাম।

“লিয়াকত সিকদারের সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে। তাই বলে হামলা চালানোর কোনো প্রশ্নই আসে না।”

সদর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে আহতদের ব্যবহৃত মোটরসাইকেল, একটি রাম দা ও বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।