নিখোঁজ কিশোরের লাশ মিলল সেপটিক ট্যাংকে
কুমিল্লা হোমনায় নিখোঁজের পাঁচদিন পর এক কিশোরের লাশ একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
হোমনা থানার ওসি গোলাম রসুল আহমেদ নিজামী জানান, উপজেলার দুলালপুর চন্দ্রমনি হাইস্কুলের সেপটিক ট্যাংক থেকে বুধবার রাতে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত জাহিদ হাসান (১৫) হোমনার সাফলেজি গ্রামের আক্তার মিয়ার ছেলে এবং ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
ওসি বলেন, গত শনিবার দুলালপুর বাজার থেকে জাহিদকে অপহরণ করা হয়। এ ঘটনায় পরদিন জাহিদের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
“পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিং করে এ ঘটনায় জড়িত অভিযোগে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংক থেকে জাহিদের লাশ উদ্ধার ও আরও দুইজনকে আটক করা হয়।”
