যশোরে মোটরসাইকেল উল্টে চালক নিহত
যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল উল্টে চালকের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের ওসি জিয়াউর রহমান জানান, উপজেলার সাতমাইল এলাকায় নাভারন-সাতক্ষীরা সড়কে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের ইসলাম হোসেনের ছেলে।
ওসি জিয়াউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনির মোটরসাইকেলে তার বন্ধু ওমর ফারুককে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সাতমাইলের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উল্টে যায়। এতে দুইজনই আহত হন।
“তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাঝ রাতে মনির মারা যান। মস্তিষ্কে আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।”
আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
