তথ্য জানার অধিকার সকলের: গোলাম রহমান
শুধু সাংবাদিক নয়, সকলেই তথ্য জানার অধিকার রাখেন বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান।
শনিবার কক্সবাজারে ‘নারী সাংবাদিকদের জন্য তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
জার্মান ভিত্তিক সংস্থা এফএনএফ এর সহযোগিতায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও তথ্য কমিশনের যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ৩৮ জন নারী সাংবাদিক অংশ নেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, “শুধু সাংবাদিক বা নারী সাংবাদিক নয়, সাধারণ জনগণও তথ্য জানার অধিকার রাখেন। প্রতিটি নাগরিকের রয়েছে যেকোনো ধরণের তথ্য জানার অধিকার। এটি রহিত হলেই সমাজে অচলায়তনের সৃষ্টি হবে ।”
তথ্য অধিকার বাস্তবায়ন ও সাংবাদিকতা পেশাসহ সকল ক্ষেত্রে শুধু নারীরা নয়, পুরুষদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।
সেমিনার আয়োজনের সার্বিক বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা।
