দিনাজপুরে বাসের ধাক্কায় নিহত ৩ প্রাইভেটকার যাত্রী
দিনাজপুরের কাহারোলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি প্রাইভেটকারের চালকসহ তিন জন নিহত হয়েছেন।
দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে ১১ মাইল এলাকায় শুক্রবার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানান কাহারোল থানার ওসি আইয়ুব আলী।
নিহতরা হলেন ডা. সামিউল কবীর (৪২), একটি ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি শফিউল আলম (৪৫) এবং প্রাইভেটকারের চালক শাহজাহান আলী (৩০)।
তাদের সবার বাড়ি রংপুর বলে জানালেও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস পঞ্চগড় যাচ্ছিল।
“বেলা ৩টার দিকে কাহারোল উপজেলার ১১ মাইল কান্তাফার্ম এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে বাসটি ধাক্কা দেয়।”
তিনি জানান, এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই আরোহী নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।
