২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে লণ্ডভণ্ড রাজশাহী ও নাটোরের ১২ গ্রাম, একজনের মৃত্যু

ঝড়ে রাজশাহীর বাঘায় একজনের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

রাজশাহী ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 07:25 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

মঙ্গলবার দুপুরে এ ঝড়ের সময় বাঘা ও নাটোরের লালপুর উপজেলার ১২টি গ্রামের প্রায় ৫০০ ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের মধ্যে সাতজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নের উপর দিয়ে ঝড় বয়ে যায়। ঝড়ে আড়ানী ইউনিয়নের হরিপুর, বেড়েরবাড়ি, ঝিনা, নুরনগর, গোচর ও খয়েরমিল এবং বাউসা ইউনিয়নের দিঘা ও খাগর বাড়িয়া এলাকার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঝড়ের সময় সাইকেল থেকে পড়ে আড়ানীর গোচর গ্রামে ছাদের আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ঝড়ের তাণ্ডব চলে। এতে ঘরবাড়ির পাশাপাশি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। ক্ষতি হয়েছে গাছপালার।

নাটোর-১ আসনের (লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য আবুল কালাম জানান, লালপুর ও আড়বাব ইউনিয়নের নয়টি গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর মধ্যে লালপুর ইউনিয়নের মোমিনপুর, বাকনাই, আরাজি বাকনা, মোহরকয়া নতুনপাড়া এবং আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া, রঘুনাথপুর, হাসিমপুর, লক্ষণবাড়িয়া ও রহিমপুর গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন। যাদের মধ্যে সাতজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহির, আরবাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে গাছের ডালপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংসদ সদস্য আবুল কালাম আজাদ ঘটনার পর পরই ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।

নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন এবং কিছু ত্রাণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।