২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুইপক্ষের সংঘর্ষে নারী নিহত

ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 06:18 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

মঙ্গলবার উপজেলার আটঘড় ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়েকুজ্জামান জানান।

নিহত জোহরা বেগম (৬০) ওই গ্রামের মান্নান মাতুব্বারের স্ত্রী।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে খাগৈড় গ্রামের আওয়ামী লীগের সমর্থক দেলোয়ার মোল্যার সঙ্গে গোবিন্দপুর গ্রামের আওয়ামী লীগের সমর্থক শেরআলী খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে সোমবার রাতে গোবিন্দপুর গ্রামের শেরআলীর সমর্থক কানাইয়ের বাড়িঘরে হামলা চালায় দেলোয়ারের লোকজন। 

এরই সূত্র ধরে মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত দুপক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এতে দেলোয়ার মোল্যার সমর্থক মান্নান মাতুব্বারের স্ত্রী জহুরা বেগম (৬০) নিহত হন বলে জানায় তারা।

এসময় অন্তত ১০/১২টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে সংঘর্ষকারীরা।

পরিদর্শক ফায়েকুজ্জামান বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।