গাজীপুরে স্কুল শিক্ষিকা খুনের এক আসামি গ্রেপ্তার
গাজীপুরে স্কুল শিক্ষিকাকে হত্যার পর ড্রামে ভরে ফেলে দেওয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান
গ্রেপ্তার জালাল উদ্দিন ডালি ওরফে জসিম (৩৫) গফুরগাঁও উপজেলার ভাঙ্গালকান্দি গ্রামের মৃত সামছুদ্দিন ডালির ছেলে।
জসিম শনিবার গাজীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সাখাওয়াত হোসেন বলেন, গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগানের কাছে থেকে স্কুল শিক্ষিকা নার্গিস আক্তারের (৫৪) ড্রামে ভরা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তার ভাই আহমেদ হোসেন মানিক বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।
“গোপন খবর পেয়ে শুক্রবার অভিযান চালিয়ে ভালুকা উপজেলার কেতারভিটা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আসামি জালাল উদ্দিন ডালিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার বিকালে তাকে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।”
