নারায়ণগঞ্জে হাটের টাকার ভাগ নিয়ে সংঘর্ষে পুলিশ নিহত
নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাটে হাসিলের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকায় শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল মাহমুদ সুমন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি গিয়ে গরুর হাটে সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসীর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মেঘনার চরে রাধানগর স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ কর্মী রূপা মিয়া, ফারিদ হোসেন ও মহিউদ্দিনসহ কয়েকজন গরুর হাট বসায়।
“হাটের হাসিল আদায়ের টাকা ভাগাভাগি নিয়ে শুক্রবার বিকালে রূপার দলের সঙ্গে ফরিদ ও মহিউদ্দিনের দলের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।”
পরে টেটাবিদ্ধ রুবেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নতুন করে বিশৃঙ্খলা এড়াতে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
