ঝিনাইদহ শহরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ শহরে দিনের বেলা এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় আরও একজন আহত হয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী সেখ জানান, রোববার বেলা দুপুরে শহরের টানপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ফিরোজ হোসেন (৩০) ঝিনাইদহ পৌর স্বেচ্ছাসেবক লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন। তিনি টানপাড়া এলাকার আনছার আলীর ছেলে।
পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ সাংবাদিকদের বলেন, রোববার বেলা দেড়টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন।
“পথে পাঁচ-ছয়জন তাকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলাম তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।
