গোপালগঞ্জে ‘জমির বিরোধে হামলা’, স্ট্যাম্প বিক্রেতার মৃত্যু
গোপালগঞ্জে ‘জমির বিরোধে হামলার শিকার’ এক স্ট্যাম্প বিক্রেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত মাহাবুব কাজী (৫০) গোপালগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের তালিকাভুক্ত স্ট্যাম্প বিক্রেতা বলে জানিয়েছেন তার স্ত্রী রাবেয়া বেগম তাপসী।
গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডে সপরিবার বসবাস করতেন মাহবুব। তার গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া গ্রামে।
তাপসী বলেন, আড়পাড়া গ্রামের পাশে হরিদাসপুর গ্রামে মাহাবুবের দেড় একর পৈত্রিক জমি রয়েছে।
“জমিটি হরিদাসপুর গ্রামের নয়ন শেখ দুই বছর আগে দখল করে। এ ব্যাপারে মাহাবুব আদালতে মামলা করলে নয়ন ও তার সঙ্গী আকাশসহ কয়েকজন মাহাবুবকে হুমকি দিত। ১৫ জুলাই বাসার সমনেই আকাশসহ তিন-চারজন মাহাবুবকে কুপিয়ে পালিয়ে যায়।”
মাহাবুবকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মার যান।
“সোমবার ওই মামলার শুনানির দিন। এর আগেই নয়ন আমার স্বামীকে হত্যার হুমকি দেয়। এছাড়া এর আগে আকাশ আমাদের পরিবারের সদস্যদের রাস্তাঘাটে একাধিকবার হয়রানি করেছে।”
আহত মাহাবুবের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় আইনি পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, “আকাশ বখাটে প্রকৃতির লোক। কোন ঘটনাকে কেন্দ্র করে সে মাহাবুবকে কুপিয়েছে তা আমার জানা নেই। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।
