২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে যোগ দিলেন রবিউলের স্ত্রী

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের স্ত্রী উম্মে সালমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 05:27 PM

Updated : 11 Oct 2022, 02:16 PM

রোববার সকালে উম্মে সালমা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা শাখায় কাজ শুরু করেন বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক জানিয়েছেন।

রবিউলের ছোটভাই শামসুজ্জামান শামস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাবি সকাল ৯টার দিকে শিক্ষা শাখায় যোগদানের সম্মতিপত্র, একাডেমিক ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশাসনিক ভবনে যান। এরপর রেজিস্ট্রার মহোদয় তার কাগজপত্র গ্রহণ করে তাকে শিক্ষা শাখায় পাঠান।”

নতুন চাকরিতে যোগ দেওয়া সালমা সাংবাদিকদের বলেন, “প্রথমদিনে শিক্ষা শাখার সকল সহকর্মীর সঙ্গে পরিচিত হয়েছি; ভালো লাগছে অনেক। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে সম্মান দিয়েছে আমি তার মর্যাদা রাখতে সচেষ্ট থাকব।”

বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উম্মে সালমা আমাদের শাখায় কাজ শুরু করেছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি।”

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। স্নাতকোত্তর পাস করার পর বিসিএস দিয়ে পুলিশে যোগ দেন তিনি। 

গতবছর ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন জঙ্গি হামলার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন রবিউল। রাতে হামলার খবর শুনে রবিউল ছুটে যান ঘটনাস্থলে। তিনি ও বনানী থানার ওসি মো. সালাউদ্দিন শুরুতেই জঙ্গিদের হামলায় নিহত হন।

গত ১ জুলাই হলি আর্টিজানে হামলার এক বছর পূর্তির দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন উপাচার্য।

এর আগেও তিনি সালমাকে একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর ভিত্তিতে গত বছর ১ অক্টোবর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে প্রশাসনিক কর্মকর্তা পদে আবেদন করেন উম্মে সালমা।

কিন্তু প্রথম শ্রেণির পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা থাকলেও বৃহ্স্পতিবার সালমাকে দৈনিক ৫২৫ টাকা মজুরিতে উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হয়। পরদিন সেই সিদ্ধান্ত বদলে সালমাকে নতুন পদের নিয়োগপত্র দেওয়া হল।