২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় খালাতো ভাইকে গুলি করে হত্যা

বগুড়ায় পূর্ব বিরোধের জেরে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 03:27 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

নন্দিগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে নন্দিগ্রাম থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

নিহত সাদ্দাম হোসেন (৩৫) ওই এলাকার মন্টু মিয়ার ছেলে।

ভাটরা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোরশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে স্দ্দামের খালাতো ভাই রিপন (৩০) সাদ্দামদের বাড়ি আসেন। পূর্ব কোনো বিরোধের জেরে এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

“এক পর্যায়ে রিপন তার হাতে থাকা একটি রিভলবার সাদ্দামের কপালে ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় রিপন পালিয়ে যান।”

রিপন সিংড়া উপজেলার কন্দকার বড়বাড়িয়া গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজীর আহম্মেদের ছোট ভাই বলে মোরশেদুল জানান।

ওসি রাজ্জাক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

“সাদ্দামকে গুলি করে হত্যা করা হয়েছে। তার কপালে গুলির আঘাতের চিহ্ন রয়েছে।”   

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো  হয়েছে।