গোপালগঞ্জে টিসিবি পণ্যের সরবরাহ কম
রমজানে গোপালগঞ্জে খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হলেও সরবরাহ কম বলে ডিলাররা জানিয়েছেন।
জেলা শহরের টিসিবির পণ্য বিক্রয় করার জন্য ১০ জন ডিলার থাকলেও শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে, বঙ্গবন্ধু কলেজের সামনে ও মৌলবিপাড়ায় একজন করে ডিলারকে একটি করে ট্রাকে পণ্য বিক্রি করতে দেখা গেছে।
শহরের অন্যান্য স্থানে খোঁজ করেও বাকি সাত ডিলারের সন্ধান পাওয়া যায়নি। তিনটি মাত্র স্থানে টিসিবির পণ্য কেনায় ভিড় দেখা গেলেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক ক্রেতাই বাড়ি ফিরছেন খালি হাতে।
টিসিবির গোপালগঞ্জ শহরের ডিলার বুলবুল আলম বুলু বলছেন, চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করছে না টিসিবি। তাই ক্রেতার অর্ধেকই রমজানের পণ্য না পেয়ে বাড়ি ফিরছেন।
রমজান এলেই ছোলা, চিনি, খেজুর, ভোজ্য তেল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা বেড়ে যায়। তাই ন্যায্য মূল্যে এসব পণ্য বিক্রির জন্য সরকার টিসিবিকে কার্যকর করেছে।
এবছর অন্যান্য জেলায় ১৫মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও গোপালগঞ্জে এ পণ্য বিক্রি শুরু হয় ১৭মে।
বুলবুল আলম বলেন, “টিসিবি চিনি ৫৫, ছোলা ৭০, খেজুর ১২০, ডাল ৮০ টাকা কেজি এবং ভোজ্য তেল ৮৫ টাকা লিটার দরে বিক্রি করছে।”
বাজার দর থেকে টিসিবির পণ্য প্রতি কেজি ২০ টাকা কমে বিক্রি হওয়ায় প্রতিদিনই দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
স্থানীয় ক্রেতা ইয়ার আলী শেখ, কুলসুম বেগম ও মতলব আলী ফকির বলেন, খোলা বাজার থেকে টিসিবির পণ্যের দাম কম হওয়ায় তাদের মতো নিম্ন ও মধ্য আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কিনে উপকৃত হন।
তবে চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ না থাকার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, তিনজন মাত্র ডিলার স্বল্প পরিমাণে পণ্য বিক্রয় করছেন। ফলে দুপুরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। অনেকেই পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন খালি হাতে।
এ বিষয়ে বুলবুল আলম বলেন, “প্রতিদিন টিসিবি আমাদের মতো পরিবেশককে মাত্র ৩০০ কেজি করে চিনি, ছোলা ও মসুর ডাল এবং ২০০ লিটার সয়াবিন তেল দিচ্ছে, যা চাহিদার তুলনায় অনেক কম।”
“খুলনা টিসিবির ডিপো থেকে চাহিদামতো পণ্য সরবরাহ করা হচ্ছে না। তাই চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করা সম্ভব হচ্ছে না।”
তবে এবারের রমজানে চাহিদামতো পণ্য পাওয়া যাবে বলে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান।
তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা মধ্যে পণ্য সরবরাহের জন্য সরকার টিসিবি কার্যকর করছেন। টিসিবি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পণ্যের সরবরাহ বাড়ানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এরমধ্যে যদি কোন পরিবেশকের বিরুদ্ধে পণ্য বিক্রিতে অনিয়মেয় অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।
