এসএসসির উত্তরপত্র উদ্ধার, ‘প্রতিপক্ষ ঘায়েলে সাজানো গল্প’
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র ‘নিজের বাড়িতে রেখে’ প্রতিপক্ষের বিরুদ্ধে লুটের অভিযোগ এনেছেন এক শিক্ষক, পরে যার বাড়ি থেকে ওই উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বিরোধের প্রতিশোধ নিতে প্রতিপক্ষকে ফাঁসাতে ওই শিক্ষক ‘গল্প সাজিয়েছেন’ বলে পুলিশের ধারণা।
খোকসা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান যশোর শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষকের কাছ থেকে সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা বিষয়ের ২৫০টি খাতা নিয়ে বাড়ি ফিরছিলেন।
“তাকে বহনকারী ভ্যানটি আমবাড়িয়া ইউনিয়নের আটগাছিয়া পাড়ার কাছে পৌঁছলে স্থানীয় আলতাফ খান ও তার ছেলে আনিফ খান ওই শিক্ষকের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্রগুলি ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন।”
অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী অভিযানে নেমে ওই খাতাগুলো উদ্ধার করে বলে জানান ফজলুল হক।
খোকসা থানার ওসি নাজমুল হুদা জানান, পুলিশ রাত ১২টার সময় খাতাগুলো উদ্ধার করেছে। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রয়েছে।
“শিক্ষক আব্দুল হান্নান নিজেই উত্তরপত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে চেয়েছিলেন।”
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা বানু বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শিক্ষক আব্দুল হান্নানের যোগাযোগের চেষ্টা করে সম্ভব হয়নি।
