২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাসিরনগরে হামলা: আ. লীগ নেতা আহাদ ফের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটে জড়িত অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য আবার হেফাজতে পেয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2017, 05:42 PM

Updated : 19 Aug 2022, 03:30 PM

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলাম তৃতীয় দফায় তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালত পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান।

এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গত ১ জানুয়ারি একদিনের এবং ১০ জানুয়ারি দুই দিনের জন্য হেফাজতে (রিমান্ডে) নেয় পুলিশ।

আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত ২৭ ডিসেম্বর উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে গ্রেপ্তারের পর জানায় পুলিশ।

মাহবুবুর বলেন, আহাদকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দিরে ভাংচুর এবং অন্তত দেড়শ বাড়িঘরে হামলা লুটপাট চালানো হয়।

এরপর ৪ নভেম্বর ও ১৩ নভেম্বর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ছয়টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয়।