২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাসিরনগর হামলা: আহাদ-সুরুজ কারাগারে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাংচুর ও বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 08:30 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবার জেলার অতিরিক্ত অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. শফিকুল ইসলাম এ আদেশ দেন।

ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ ছবি পোস্ট করার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

ঘটনার পর স্থানীয় বারোয়ারি মন্দিরের পুরোহিতসহ দুই ব্যক্তি দুটি মামলা দায়ের করেন। প্রত্যেক মামলায় অজ্ঞাত পরিচয় ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়।

এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা শেখ আবদুল আহাদ ও চলতি বছরের ৮ জানুয়ারি সুরুজ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ১০ জানুয়ারি এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনে হেফাজতে (রিমান্ড) নেয় পুলিশ।

আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, দুইদিনের রিমান্ড শেষে দুপুরে আসামি শেখ আবদুল আহাদ ও সুরুজ আলীকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা।

“আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে রিমান্ড আবেদন করা হয়নি। এ কারণে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।”

নাসিরনগরে হামলার ঘটনায় চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলী গত বছরের ৪ নভেম্বর দল থেকে বহিষ্কার হন।

আর এ বছরের ১ জানুয়ারি একই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদকে এক দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

পুরনো খবর:

নাসিরনগরে হামলা: আ.লীগ নেতা সুরুজ ২ দিনের রিমান্ডে
নাসিরনগর হামলা: আ. লীগ নেতা আহাদ দ্বিতীয় দফা রিমান্ডে