বাগমারায় চিকিৎসকের ‘অবহেলায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাজশাহীর বাগমারা সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ফারজানা ক্লিনিকে এ ঘটনার পর ওই নারীর স্বজনরা ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ।
মৃত ববিতা বেগম (২৫) উপজেলার বড়বিহানালী গ্রামের মোফাজ্জাল হোসেনের স্ত্রী। রোববার সকালে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ পরিদর্শক আজাদ বলেন, রোববার সকালে ববিতা বেগমের প্রসব ব্যথা হলে তার বাবা আবু বকর সিদ্দীক তাকে ফারজানা ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর পরই তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
“পরে ইছাহাক আলী নামে এক চিকিৎসক অপারেশন করেন। তবে ওই সময় কোনো এনেস্থেসিস্ট ছিল না। ওই চিকিৎসকই এনেস্থেসিয়া দেন।
“প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও ববিতা জ্ঞান না ফেরায় তার পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে বেলা ১১টার দিকে চিকিৎসক ইছাহাক তাকে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।”
তিনি বলেন, পরে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর জানাজানি হলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা ক্লিনিকে হামলা চালানোর চেষ্টা করে।
এ ঘটনায় থানায় মামলা হলে চিকিৎসকসহ ওই ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ ব্যাপারে চিকিৎসক ইছাহাক আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তবে ফারজানা ক্লিনিকের পরিচালক হাফিজুর রহমান বলেন, ববিতার শ্বাসকষ্ট ছিল। চিকিৎসক না জেনে অপারেশন করেছেন; এতে তার মৃত্যু হয়েছে।
