সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবক খুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন।
বুধবার উপজেলার বেলতৈল ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শাহজাদপুর থানার ওসি রেজাউল হক।
নিহত হাবিবুর রহমান হাবু (৩৫) ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল, শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করেছে।
ওসি রেজাউল বলেন, শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদদের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিবাদমান ওই জমির দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়।
“সংঘর্ষে হাবুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে হাবুকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
