বগুড়ায় ছুরি মেরে সেলুন কর্মচারীকে হত্যা
বগুড়ার শিবগঞ্জে ছুরি মেরে এক সেলুন কর্মচারীকে হত্যা করেছে এক যুবক।
সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মহাস্থানগড়ের মাদ্রাসা গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।
নিহত শাহীন (২৬) মহাস্থান সেকেন্দ্রাবাদ গ্রামের জিগাতলার নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি মোস্তাফিজার বলেন, শাহীন মহাস্থানগড় এলাকার মাদ্রাসা গেইটে সামনে একটি সেলুনে কাজ করতেন। সোমবার দুপুরে সেলুনে দাড়ি কাটা করা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক যুবক তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
“এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
