মহেশখালীতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় হামলাকারী।
বুধবার মাতারবাড়ী ইউনিয়নের মিয়াজীপাড়ার সংলগ্ন বড় কবরস্থানের পাশ থেকে ষাটোর্ধ্ব ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই শাওন দাশ।
নিহত নজির আহমদ (৬২) মাতারবাড়ী ইউনিয়নের সাতঘরপাড়ার মৃত গুনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম-মাতারবাড়ী নৌ-রুটে চলাচলকারী মালবাহী ট্রলারে কাজ করতেন তিনি। চট্টগ্রাম শহর থেকে মালামাল এনে মাতারবাড়ীর ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া এবং মালের চালানের টাকা আদায় করা ছিল তার কাজ।
এসআই শাওন বলেন, বুধবার সকাল ১১টার দিকে কবরস্থানের পাশে একটি মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়দের কাছে পেয়ে পুলিশ উদ্ধার করেছে।
“নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে কোনো এক সময় হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে বলে জানান শাওন।
‘এমভি প্রিয়ম সার্ভিস’ নামের ট্রলারটির মালিক মাতারবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, চট্টগ্রাম-মাতারবাড়ী নৌ-রুটে চলাচলকারী এমভি প্রিয়ম সার্ভিসে করে নজির আহমদ বিভিন্ন ব্যবসায়ীদের মালামাল চট্টগ্রাম থেকে মাতারবাড়ী নিয়ে আসতেন।
“মঙ্গলবার সন্ধ্যার দিকে নজির মালামালের চালানের বাবদ ব্যবসায়ীদের কাছ থেকে তিনি অন্তত তিন লক্ষাধিক টাকা আদায় করেছেন। ধারণা করা হচ্ছে, রাতে বাড়ি ফেরার সময় টাকা লুট করে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যার পর ফেলে গেছে।”
