অপহরণে ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে ছুরিকাঘাত
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অপহরণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করেছে কয়েকজন যুবক।
সোমবার ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী (১৭) ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
হাতে আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মেয়েটির বাবা বলেন, তার মেয়ে বাড়ি থেকে অটোরিকশায় কলেজে যাচ্ছিলেন। পথে পৌর এলাকার ভাটিরগাঁও ব্রিজের কাছে অটোরিকশাটি বিকল হলে তিনি হেঁটে কলেজের উদ্দেশে রওয়ানা হন।
“এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার এসে তার পথরোধ করে এবং গাড়ি থেকে নেমে ৩ যুবক ধারালো অস্ত্র দেখিয়ে তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে।”
এ সময় তার চিৎকারে অটোরিকশার চালকসহ আশপাশের লোকজন ছুটে আসলে অপহরণকারীরা তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয়রা তাকে কলেজে পৌঁছে দেয় বলে জানান তার বাবা।
আহত ছাত্রী বলেন, পালিয়ে যাওয়ার সময় অপহরণকারীদের একজন মোবাইল ফোনে বিপ্লব নামের আরেকজনকে ফোন করে ‘অপারেশন ব্যর্থ হয়েছে’ বলে জানায়।
ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণনাথ বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন মোল্লা জানান, এ ঘটনায় সোমবার বিকালে ওই ছাত্রী নিজে বাদী হয়ে ইকবাল হোসেন নামের এক জনসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে নারী ও শিশু নিযার্তন আইনে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।
