ফরিদপুরে ডিবি পুলিশ পরিচয়ে টোল ফাঁকির চেষ্টা, আটক ৪
ফরিদপুরের মধুখালীর একটি সেতুতে ডিবি পুলিশ পরিচয়ে টোল ফাঁকি দেওয়ার চেষ্টার সময় চার যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এরা হলেন- ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম ব্যাপারী (৩০), খোরশেদ আলম (৩০) ও আলফাডাঙ্গার সম্রাট (৩২)।
মধুখালী থানার ওসি মো. রুহুল আমিন জানান, রোববার রাতে কামারখালী ব্রিজের টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, পুলিশের বেল্ট ও হাতকড়া জব্দ করা হয়েছে।
ওসি রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে প্রাইভেটকারে করে পাঁচ যুবক কামারখালী ব্রিজের টোল প্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে গেলে টোল দিতে অস্বীকার করে উল্টো সেখানে কর্তব্যরতদের গালিগালাজ করে।
“পরিচয়পত্র দেখতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।তখন টোল প্লাজায় কর্মরতরা স্থানীয়দের সহযোগিতায় তাদের ধাওয়া করে চার জনকে ধরে ফেলে প্লাজার কর্মরতরা।”
পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই চার যুবককে আটক করে বলে জানান ওসি।
