নিখোঁজের ২০ দিন পর পাবনায় অটোরিকশা চালকের লাশ
নিখোঁজের ২০ দিন পর পাবনার ঈশ্বরদী উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে র্যাব; আটক করা হয়েছে পাঁচজনকে।
উপজেলার জয়নগর লিচুবাগান থেকে বুধবার বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করা হয় বলে জানান পাবনা র্যাব ক্যাম্পের কমান্ডার বীনা রানী দাস।
নিহত শান্ত হোসেন (২০) উপজেলার ছলিমপুর গ্রামের লুনু মোল্লার ছেলে।
আটককৃতরা হলেন - ছলিমপুর এলাকার শাহজাহান আলী, শান্ত, রাজু আহমেদ, হেমায়েতপুর এলাকার ফয়সাল ও আলম।
র্যাব কর্মকর্তা বীনা রানী শান্তর পরিবারের বরাতে বলেন, গত ২২ অক্টোবর রাতে হোসেনকে অটোরিকশা ভাড়ার কথা বলে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নেওয়া হয়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“র্যাব তদন্ত শেষে প্রথমে রাজু ও ফয়সালকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক লিচুবাগানে লাশ পাওয়া যায়। পরে আরও তিনজনকে আটক করা হয়।”
রাজুসহ কয়েকজন অটোরিকশাটি ছিনতাই করে ফয়সালের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন বলে জানান র্যাব কর্মকর্তা বীনা রানী।
তিনি বলেন, কেনার পর ফয়সাল অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলমের কাছে ২৬ হাজার টাকায় বিক্রি করেন।
আটককৃতদের ঈশ্বরদী থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলে তিনি জানান।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
