২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জেল হত্যাকারীদের পক্ষ নিয়েছেন: ইনু

জেল হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে খালেদা জিয়া ও বিএনপি ‘খুনিদের পক্ষ নিয়েছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 01:38 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসদের একাংশের সভাপতি ইনু এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জেলখানার ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যার বিষয়ে দলমত নির্বিশেষে সবাই নিন্দা জানিয়েছেন। কেবলমাত্র খালেদা জিয়া ও বিএনপি নিন্দা জানায়নি, বিবৃতিও দেয়নি।

“জেল হত্যার নিন্দা না জানিয়ে খালেদা জিয়া খুনিদের পক্ষ নিলেন। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক।”

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পরিচিত।

বিএনপিকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের ‘রক্ষক ও পৃষ্ঠপোষক’ অ্যাখ্যায়িত করেন তথ্যমন্ত্রী।

“চার জাতীয় নেতা ও বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। সেই বিষবৃক্ষ হল- বিএনপি।”

সেই ধারাবাহিকতায় খালেদা জিয়া ‘খুনি ও জঙ্গিদের রক্ষা এবং রাজাকার পোষার রাজনীতি’ অব্যাহত রেখেছেন বলেও মন্তব্য তার।

“বিএনপি খুনিদের রক্ষা ও রাজাকার পোষার রাজনীতি করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। এ হুমকি থেকে কীভাবে বাংলাদেশ মুক্ত হবে সেটিই এখন জাতীয় প্রশ্ন”, বলেন ইনু।

বিএনপি ও খালেদা জিয়ার ব্যাপারে দেশবাসীকে ‘সতর্ক হওয়ার’ও পরামর্শ দেন ১৪ দলীয় জোটের এ শীর্ষনেতা।

পরে সার্কিট হাউজের সভাকক্ষে জেলা জাসদের বৈঠকে অংশ নেন তথ্যমন্ত্রী। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।