চাঁদপুরে ৪ ইউপিতে আ. লীগ, দুইটতে বিএনপি বিজয়ী
চাঁদপুরের তিন উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার জন ও বিএনপির দুই জন বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান সোমবার রাতে এ তথ্য জানান।
ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে তিনটি, শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে একটি, রায়শ্রী উত্তর ইউনিয়নে একটি, সদরের কল্যাণপুর ইউনিয়নে একটি, চান্দ্রা ইউনিয়নে দুইটি কেন্দ্রে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের সবকটি কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চার হাজার ১১৪ ভোট পেয়ে বিএনপির বাছির আহম্মেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহাদাত হোসেন টেলু পান তিন হাজার ৯৬২ ভোট।
আওয়ামী লীগ প্রার্থী তোফাজ্জল হোসেন বাচ্চু এক হাজার ৮৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের আবু ইউসুফ পাটওয়ারী তিন হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলম বেলাল পেয়েছেন তিন হাজার ৪১৮ ভোট।
রায়শ্রী উত্তর ইউনিয়নে বিএনপির সেলিম পাটওয়ারী চার হাজার ৫১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোশারফ হোসেন পেয়েছেন তিন হাজার ২০৮ ভোট।
চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী চার হাজার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল আলম খান পেয়েছেন দুই হাজার ৮১৬ ভোট।
চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগের খান জাহান আলী কালু সাত হাজার ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুর রহমান বেপারী পেয়েছেন দুই হাজার ৮৫৪ ভোট।
বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের তাজুল ইসলাম নয় হাজার ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজুর রহমান পেয়েছেন তিন হাজার ২৫৪ ভোট।
