চাঁদপুরে অস্ত্রসহ ৪ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দেশীয় অস্ত্র ও চকলেট বোমাসহ ছাত্রলীগের চার নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় যাওয়ার সময় তাদের আটক করা হয় বলে জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান।
এরা হলেন ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাইমিন সারোয়ার এবং অটোরিকশা চালক।
এ সময় পুলিশ অটোরিকশায় তল্লাশি চালিয়ে আটটি দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করে।
আশরাফুজ্জামান বলেন, সোমবার উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের আলোনিয়া কেন্দ্র, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের তিনটি কেন্দ্র এবং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের একটি কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট। রোববার রাতে কেন্দ্র এলাকা থেকে অস্ত্র ও চকলেট বোমাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সোমবার সকাল ৮টা থেকে কেন্দ্রেগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, এর মধ্যে চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের আলোনিয়া কেন্দ্রে সকাল ১০টায় বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া কোথাও কোনো গোলযোগ হয়নি।
