যশোরে ভোটকেন্দ্রে ছুরিকাঘাত, আটক ৩
যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে; আটক হয়েছে তিনজন।
ইউনিয়নের রানীয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কেন্দ্রে কর্তব্যরত এসআই কামরুজ্জামান।
আটককৃতরা হলেন রানীয়ালী গ্রামের আকরাম, মিলন ও মিন্টু।
এসআই কামরুজ্জামান বলেন, ভোট চলাকালে কেন্দ্রের পাশে একদল দুর্বৃত্ত তিনজনকে ছুরিকাঘাত করে। এ সময় পুলিশ মিন্টুকে আটক করে। অন্যরা পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে আকরম ও মিলন। পরে পুলিশ তাদেরও আটক করে।
ছুরিকাহত অবনি তরফদার, কৃষ্ণ মণ্ডল ও নরহরি মণ্ডলকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই কামরুজ্জামান।
কেন্দ্রের নির্বাচন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, ঘটনাটি কেন্দ্রের পাশে ঘটেছে। ভোটগ্রহণ বন্ধ হয়নি।
গত ৩১ অগাস্ট পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম খুন হলে ইউনিয়নটির চেয়ারম্যান পদ শূন্য হয়।
