২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যানকে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2016, 03:59 PM

Updated : 20 Aug 2022, 02:04 PM

দরিকান্দি ইউনিয়নের দরিকান্দি গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম স্বপনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সহিদ মিয়ার ছেলে রফিকুল ইসলাম বাবু মোটরসাইকেলে করে দুই সহযোগীসহ চেয়ারম্যান স্বপনের বাড়ি যান।

“এরপর বাবু চেয়ারম্যান স্বপনের ঘরে ঢুকে তার সঙ্গে মিনিট দুয়েক কথা বলেন। কথা বলার এক পর্যায়ে স্বপনকে গুলি করে পালিয়ে যান বাবু।”

বাবু ৬/৭ রাউন্ড গুলি করলেও চেয়ারম্যানের শরীরে চারটি গুলি বিদ্ধ হয় বলে জানান ওসি অংশু।

ওসি আরও জানান, শুক্রবার দুপুরে বাবুর শ্বশুর মিলন মিয়া, শাশুড়ি সালমা বেগম ও স্ত্রী হোসনা বেগমকে আটক করা হয়েছে।

এ ঘটনায় এখনও মামলা হয়নি। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে জানান তিনি।