২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র `অপহরণ’, আটক ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আটদিন আগে এক কিশোরকে `অপহরণে’ জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 01:48 PM

শুক্রবার গভীর রাতে আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রাম ও ঝিনাইদহ সদরের লাউদিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস জানান।

এরা হলেন- আইলহাস গ্রামের আব্দুল কাদেরের ছেলে খাইরুল ইসলাম (৩৫) ও লাউদিয়া গ্রামের বিশারত আলীর ছেলে আলমগীর হোসেন।

এসআই আমির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২২ সেপ্টেম্বর বিকালে আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের পোলবাগুন্দা গ্রামের চা দোকানি সামসুল ইসলামের ছেলে তানজির হোসেন বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। তানজির স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

এসআই জানান, খোঁজাখঁজি করে না পেয়ে পাঁচদিন পর হস্পতিবার তানজিরের বাবা চুয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ওইদিনই অপহরণকারীরা তার মোবাইলে ফোন করে  মুক্তিপণ দাবি করে।

“ডায়েরি করার পর অপহরণকারীদের মোবাইল ফোন কল ট্র্যাকিং করে দুজনকে আটক করা হয়।”

আটকদের আলমডাঙ্গা থানায় রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কাছ থেকে অপহরণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান এস আই আমির।