চাঁদাবাজি মামলায় রিমান্ডে সাতক্ষীরার এমপিপুত্র রুমন
বিভিন্ন ঘটনায় বারবার আলোচনায় আসা সাতক্ষীরার সাংসদপুত্র রাশেদ সারোয়ার রুমনকে দুটি চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
রোববার সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হাবিবুল্লাহ বাহার এ আদেশ দেন।
রুমনের মা রিফাত আমিন সংরক্ষিত মহিলা আসন-৩১২ এর সংসদ সদস্য। বাবা রুহুল আমিন সিনেমা হলের মালিক এবং ঠিকাদার।
সংশ্লিষ্ট আদালতের পিপি ওসমান গণি জানান, দুপুরে আদালতে হাজির করে পুলিশ রুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
এই তিন দিনের মধ্যে দুই দিন কারা ফটকে এবং এক দিন সাতক্ষীরা সদর থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদেশে বলা হয়, বলেন পিপি ওসমান।
গত রমজান মাসে সাহেব আলী নামের এক গরু ব্যবসায়ীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ আসে রুমনের বিরুদ্ধে।
তার কিছুদিন আগে তার মায়ের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকারযুক্ত গাড়িতে তিন তরুণীকে নিয়ে অস্ত্রসহ শ্যামনগরের একটি রিসোর্টে ধরা পড়ে বেশ কিছুদিন কারাগারেও থেকে এসেছিলেন তিনি।
গত ১১ সেপ্টেম্বর এক আওয়ামী লীগ নেতাসহ চারজনকে মারপিট করে আবার সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই তিনি আত্মগোপনে চলে গিয়েছিলেন।
পরে জানা যায়, পালানোর সময় গাড়ি নিয়ে দুর্ঘটনায় পড়েন বেপরোয়া গাড়ি চালানোর জন্য পরিচিত রুমন। তখন শহরের মাগুরার বউ বাজারের ধারে বাঁশতলার মিলন পাল নামে একজনের বাগানবাড়িতে ওঠেন তিনি।
পরদিন ওই বাগানবাড়িতে আড্ডা দেওয়ার সময় গ্রামবাসী বাড়ি ঘিরে মারধর করে রুমনকে। পরে আওয়ামী লীগ নেতারা গিয়ে তাকে জনরোষ থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
রুমনের বন্ধু মিলন বর্তমানে সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রুমনের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও তা ‘অপপ্রচার’ বলে নাকচ করে আসছেন তার মা সংসদ সদস্য রিফাত আমিন।
