১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে অপহরণ মামলায় উপজেলা চেয়ারম্যান কারাগারে

রাঙামাটিতে সাবেক সেনা কর্মকর্তাকে অপহরণ মামলায় এক উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 03:56 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকন উদ্দিন কবির তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান বাঘাইছড়ি থানার ওসি মো. আবুল কালাম চৌধুরী।

কারাগারে পাঠানো চারজন হলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা, সভাপতি প্রভাত কুমার চাকমা, সহ-সাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা ও বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ সদস্য অজয় চাকমা।

ওসি কালাম বলেন, গত ৩০ মে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুকুল কান্তি চাকমা অপহৃত হন।

“ঘটনার এক মাস পর গত ৭ জুলাই অপহৃত মুকুলের বড় মেয়ে নমিশা চাকমা বাঘাইছড়ি থানায় আটক চারজনসহ নয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন।”

মঙ্গলবার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান ওসি কালাম।