বিদ্যুতের তারে জড়ানো এক পরিবারের ৩ জনের লাশ
নওগাঁর পোরশা উপজেলায় ক্ষেত থেকে বিদ্যুতের তারে জড়ানো এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টায় উপজেলার সরাইগাছি এলাকার আদিবাসী গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান পোরশা থানার ওসি মোসাদ্দুরুল হক।
নিহতরা হলেন ওই গ্রামের ছয়ফুদ্দিন মণ্ডলের ছেলে কৃষক আনারুল ইসলাম (৪৫), তার স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও তাদের ছেলে জাহিদ হাসান সোহাগ (১০)।
আনারুলের শিশু মেয়ে তানজিলার বরাত দিয়ে স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে আনারুল গ্রামের পাশে নিজের জমি নিড়াতে যান। বিকালেও তিনি বাড়ি না ফেরায় ছেলে সোহাগ জমিতে যায়। সন্ধ্যা হয়ে গেলেও কেউ ফিরে না আসায় আনরুলের স্ত্রী জাহানারা ছোট মেয়ে তানজিলাকে সঙ্গে নিয়ে জমিতে যান।
পরে তানজিলার চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে এসে জমির ওপর দিয়ে নেওয়া বিদ্যুতের তারে জড়ানো তিনজনকে মৃত অবস্থায় দেখতে পায় বলে স্থানীয়দের বক্তব্য।
তানজিলা কিভাবে রক্ষা পেয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
ওসি মোসাদ্দুরুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কখন কী ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
