২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপাকে’ চামড়া ব্যবসায়ীরা

ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি মূল্যে কোরবানির চামড়া কিনে অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা করছেন শেরপুরের চামড়া ব্যবসায়ীরা।

শেরপুর প্রতিনিধি

মো. আব্দুর রহিম বাদল,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 02:20 PM

Updated : 11 Oct 2022, 08:43 PM

এবার ট্যানারি মালিকরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ টাকায়; ঢাকার বাইরে এর ৪০ টাকায় কেনার ঘোষণা দিয়েছেন।

এছাড়া সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা এবং বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করা হবে বলে জানান তারা।

শেরপুরের ব্যবসায়ীরা জানান, ট্যানারির মালিকরা সারা বছর চামড়া কিনলেও সব টাকা পরিশোধ করেন না। গত বছরের পাওনার মাত্র ২৫/৩০ ভাগ দিয়েছেন। তাই সেই টাকাসহ আরও ধার-দেনা করে এবার কোরবানির পশুর চামড়া কিনেছেন তারা।

তারা ফড়িয়াদের কাছ থেকে প্রতি বর্গফুট কাঁচা চামড়া ৭০/৭৫ টাকা দরে কিনেছেন। লবণের দাম বেশি হওয়ায় শ্রমিকের মজুরিসহ প্রতি বর্গফুট চামড়ার দাম ৮৫/৯০ টাকা পড়ে বলে তাদের দাবি।

শেরপুর শহরের খরমপুরের চামড়া ব্যবসায়ী জাকারিয়া রবিদাস বলেন, “কোম্পানি তো ঘোষণা দিছে লবণযুক্ত গরুর চামড়া ৪০ টাকা। আমরা তো কাঁচা চামড়া কিনছি ৭৫/৮০ টাকা। লবণের দাম বেশি হওয়াতে খরচ ধইরা ৮৫/৯০ টাকা আমগরে পইড়া গেছে গা।

“আমরা উপরে কিইনা ঝুঁকি নিছি। তারপর বাদবাকি টুক দেখা যাক আল্লাহ্ কী করেন।”

একই এলাকার চামড়া ব্যবসায়ী ময়না বেপারি বলেন, “সরকারে রেট বাইন্দা দিছে লবণযুক্ত ৪০ টাকা রেট। অহন কাঁচা চামড়াই বিক্রি অইতাছে ৬০ টেহা ৭০ টেহা। এরপর আমরা সমস্যাই পইড়া গেছি গা।

“সব টেকা রাইখা দিছে কোম্পনিরা। তারপরেও এলাকা হিসাবে গুদাম হিসাবে বাকিবুকি মিলাইয়া আমরা কিনাকাটা করতাছি। সাহসের উপর করতাছি।”

চামড়া সুরেশ চন্দ্র দাস বলেন, কয়েক বছর যাবত দেখা যাচ্ছে কোম্পনিরা সারা বছর মাল নেয়। নেওয়ার সময় তো দেয় না, পরে ঈদের সময়ও অনেক টাকা পরিশোধ করে না, বাকি রেখে দেয়।

“পরবর্তীতে ঈদের দুই মাস পরে হউক ছয় মাস পরে হউক টেকা যে পাব এমন নিশ্চয়তা থাকে না। পরবর্তী আরেক কোরবানির ঈদ আসলেও অই সময়েও আমরা টেকা পাই নাই। দেহা যায় খরচের জন্য ৫ থেকে ১০ ভাগ টেকা পাইলেও পাইতে পারি না অইলে নাও পাইতে পারি।”

চামড়া ব্যবসায়ী আব্দুল জলিল বলেন, “সরকার যে ৪০/৫০ টাকা বর্গফুট রেট বাইন্দা দিছে, সে হিসাবে আমরা চামড়া কিনতে পারতাছি না। ফড়িয়ারা সে দামে বেচতেছে না। আমরা বাধ্য হইতেছি চামড়া বেশি দামে কিনতে।”