নাটোরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত ৭
নাটোরের সিংড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় সিংড়া উপজেলার রাতাল বাজারে এ সংঘর্ষ হয় বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ফরিদুল ইসলামের সঙ্গে আব্দুর রশিদ ও তার দুই ভাগিনার বিরোধ ছিল। সোমবার সকালে দুই পক্ষ হাঁসুয়া ও ফলাসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে ওসি জানান। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাঁসুয়া ও দুটি ফালা উদ্ধার করে বলেও তিনি জানান।
সংঘর্ষে আহতরা হলেন ফিরোজ হোসেন (৩২), ফরিদুল ইসলাম (৬০), আলী আকবর (২৮), আব্দুর রশিদ (৪৫), আব্দুস সাত্তার (৪০), সাইফুল ইসলাম, (৩৭) ও আলহাজ (১৬)।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বীথি রাণী সাহা বলেন, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
